ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় দোয়া মাহফিলে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস ওয়া সিদ্দিকী বলেছেন, ইসলামের বিজয় ভোটের মাধ্যমে নয়, অনেক আগেই ইসলামের বিজয় হয়েছে। তিনি আরও বলেন, দলের চেয়ে দেশ বড়, নিজের জানের চেয়ে ঈমান বড়।


সোমবার বিকেলে উপজেলার গোয়ালপাড়া সাঈদিয়া খানকা শরীফে সাঈদিয়া বসিরউদ্দীন নুরানী মাদ্রাসা আয়োজনকৃত মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বক্তৃতায় তিনি মিলাদ কিয়াম, আহলে সুন্নাহ ও ইসলামের পাঁচ স্তম্ভ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনাও করেন এবং সুন্নাত মেনে আল্লাহর নির্দেশ পালন করার গুরুত্বের ওপর জোর দেন।


বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ফকিরের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন রাজ্জাক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর আবুল বাসার খান, দারিয়াপুর পীর সাহেবজাদা হযরত মাওলানা আবু তালহা, হাফেজ মো. মাসুম বিল্লাহ, হাফেজ মোহাম্মদ আলম হোসেন, হাফেজ মোহাম্মদ জাহিদ বিন আজিজসহ স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং কয়েক হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ।